চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেওয়া হয়েছে ওপেনার লিটন দাসকে। আজ দুপুরেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দল থেকে বাদ পড়ার ক্ষোভ ব্যাট হাতে ঝাড়লেন লিটন দাস। আজই সন্ধ্যায় দুর্বার রাজশাহীর বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার হয়ে বিপিএলে দুর্দান্ত এক সেঞ্চুরি করে বসলেন জাতীয় দলের এই ওপেনার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটা তার প্রথম সেঞ্চুরিও বটে।
টস হেরে ব্যাট করতে নেমে দুর্বার রাজশাহীর বোলারদের বেধড়ক পেটালেন লিটন এবং তানজিদ তামিম। ২৪ বলে ফিফটি করার পর ৪৪ বলে সেঞ্চুরি পূরণ করেন লিটন। ৮টি বাউন্ডারি এবং ৭টি ছক্কায় এই মাইলফলকে পৌঁছান তিনি।
শেষ পর্যন্ত লিটন তাই অপরাজিতই থেকেছেন। শেষ ওভারে শুধু শেষ বলটাই স্ট্রাইক পেয়েছিলেন। সেটিও উড়িয়ে মেরেছেন মাঠের বাইরে। এক হাতে ব্যাট, আরেক হাতে হেলমেট নিয়ে যখন বেরিয়ে আসছেন, লিটনের নামের পাশে ৫৫ বলে ১২৫। ১০টি চার ও ৯টি ছয়খচিত এই ইনিংস বিপিএল ইতিহাসের সেরা ইনিংসগুলোর তালিকার ওপরের দিকেই থাকবে।
দুর্বার রাজশাহীর বোলারদের দুর্দশা শুধু লিটনেই শেষ হয়নি। তাঁর সঙ্গে তাল মিলিয়ে ঝড় তুলেছেন ঢাকা ক্যাপিটালসের অন্য ওপেনার তানজিদ হাসানও। বিপিএলে এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরি এই প্রথম। উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ডও গড়েছেন লিটন–তানজিদ। শেষ ওভারের তৃতীয় বলে তানজিদের আউটে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজন যোগ করেছেন ২৪১ রান। বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও হয়ে গেছে ততক্ষণে। তানজিদ হাসান ১০৮ করেছেন ৬৪ বলে। যাতে ছিল ৬টি চার ও ৮টি ছক্কা।
ঢাকা ২০ ওভার শেষ করেছে ১ উইকেটে ২৫৪ রানে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।