কিশোরগঞ্জ প্রতিনিধি :
এক ভুবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা”—এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে শুক্রবার ৭ ফেব্রুয়ারি সারাদেশের মত কিশোরগঞ্জ জেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলা ইশারা ভাষা দিবস- ২০২৫।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কিশোরগঞ্জের আয়োজনে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইশারা ভাষার ব্যবহার ও প্রচার নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। ডা. দ্বীন ইসলাম নয়ন, কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুজ্জামান খান, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, কিশোরগঞ্জ।
ইশারা ভাষার প্রশিক্ষণ, ব্যবহার ও সচেতনতা নিয়ে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্ত্তী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা। তাঁর মূল বক্তব্য ছিল, বিশ্বব্যাপী একটি সাধারণ ও স্বীকৃত ইশারা ভাষা থাকা উচিত, যা সব বধির ও শ্রবণ-প্রতিবন্ধী ব্যক্তিরা ব্যবহার করতে পারবেন। এটি এক ধরনের সার্বজনীন যোগাযোগ ব্যবস্থার দাবি করে, যেখানে ভাষাগত বিভাজন দূর হবে এবং সবার জন্য সহজবোধ্য হবে।
ইশারা ভাষার বিস্তারিত নিয়ে সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ মঈনুর রহমান মনির, ফরমোজা মমতাজ, প্রধান শিক্ষক ও ইশারা ভাষা প্রশিক্ষক, গাংচিল প্রতিবন্ধী স্কুল, পাকুন্দিয়া ; মো. হাদিউল ইসলাম, প্রধান শিক্ষক ও ইশারা ভাষা প্রশিক্ষক, মনেসা খাতুন কারী রুকন উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়, ইটনা, কিশোরগঞ্জ ; মহিনন্দ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার পল্লব কুমার দেবনাথ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফৌজিয়া খান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইশারা ভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের ইশারা ভাষা প্রশিক্ষণে সরকারি বেসরকারি পর্যায়ের সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।
পুরো অনুষ্ঠানে ইশারা ভাষায় বা দোভাষীর মত করে সেশন পরিচালনা করেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী জনাব মাসুম এবং তাঁকে সহযোগিতা করেন আব্দুস সামাদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।