সাভার প্রতিনিধি :সাভারের আশুলিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।আজ বুধবার দুপুর ১টার দিকে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এ তথ্য জানিয়েছেন।এর আগে, মঙ্গলবার রাত ৮টা থেকে আজ বুধবার ভোর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর থানার ছোনগাছা এলাকার মো: মিন্টু মিয়ার ছেলে রানা মিয়া (৩২)। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার মরহুম আব্দুল মালেক মোল্লার ছেলে রাজা মোল্লা (৪০), আশুলিয়ার খেজুর বাগান এলাকার মরহুম নুরুল হকের ছেলে মশিউর রহমান (৩৮) ও আশুলিয়ার রোস্তমপুর এলাকার মরহুম জগন্নাথ শাহার ছেলে বিজয় গোপাল শাহা (৬৫) ও আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকার আব্দুল গনির ছেলে আমিনুল ইসলাম সুমন (৩১)।
সংবাদ সম্মেলনে শাহীনুর কবির বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানির পাঁয়তারা, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী কার্যকলাপের দায়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। এ সময় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
এছাড়া, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সেইসাথে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।