দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। ছুটি শুরু হবে আগামী ১ অক্টোবর (বুধবার)। এবার শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে।
দুর্গাপূজা উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ১১ দিন, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোতে টানা ১২ দিন এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন ছুটি থাকবে। মাদ্রাসায় ছুটি থাকছে না
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে আগামী ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরের দিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী হচ্ছে দুর্গাপূজার সাধারণ ছুটি। ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে গণ্য হবে।
গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির তালিকা প্রণয়ন করে। ওই তালিকা অনুযায়ী, এ বছর পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি।
সরকার দুর্গাপূজার সাধারণ ছুটির পাশাপাশি এক দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে। আগের সরকারের আমলে সরকারি চাকরিজীবীদের জন্য ঈদে তিন দিন ও দুর্গাপূজায় এক দিন ছুটি থাকত। তবে, কোনো কোনো বছর নির্বাহী আদেশে এ মেয়াদ বাড়ানো হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।