জামায়াতে ইসলামী বিএনপির কাছে ৩০টি আসন চেয়ে সাড়া না পেয়ে চাপ সৃষ্টির কৌশল হিসেবে পিআরের দাবি তুলছে-সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এমন বক্তব্যকে ‘অসত্য ও প্রতিহিংসাপরায়ণ’ বলে দাবি করেছে জামায়াত।
বিএনপি মহাসচিবের বক্তব্যের ‘নিন্দা ও প্রতিবাদ’ জানিয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একটি বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই।’
এতে আরো দাবি করা হয়, “কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান সময়ে দূরতম কোনো সম্পর্ক নেই। তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে আমরা আহ্বান জানাব সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।