অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহের পরিচয় খুঁজতে গিয়ে অটোরিকশা ছিনতাই চক্রের সন্ধান পেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)৷ হত্যায় জড়িত দুজনকে গ্রেফতারের পর সংস্থাটি বলছে, অটোরিকশা ছিনতাই করতেই ওই ব্যক্তিকে হত্যা করা হয়৷
বুধবার (২২ অক্টোবর) সকালে পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কুদরত ই খুদা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৬ সেপ্টেম্বর সকালে দক্ষিণ কেরাণীগঞ্জে একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই মরদেহের পরিচয় শনাক্ত করতে গিয়ে ছিনতাই চক্রের তথ্য পায় পিবিআই৷
পুলিশ আরও জানায়, মৃত জালালউদ্দিন অটোচালকের আড়ালে ছিনতাই করতেন। নুরু শেখ তার সহযোগী৷ ঘটনার দিন দুজনই অটোরিকশা ছিনতাইয়ে বের হন। কোনো ছিনতাই করতে না পেয়ে জালালউদ্দিনকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে তা বিক্রি করে দেন নুরু শেখ।
ঘটনার পর অভিযান চালিয়ে নুরু শেখকে গ্রেফতার করে পিবিআই। তার তথ্যে ক্রেতা মোজাম্মেলকেও গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার জানান, এই ছিনতাই চক্রের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। চক্রটি গত ১৫ বছর ধরে রাজধানীর বংশাল, মিডফোর্ড ও চকবাজার এলাকায় ছিনতাই করতো বলে জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।