সকল মেনু

অস্কার কোয়ালিফায়িং সিনেকুয়েস্টের সিভিভি ফেস্টিভ্যাল প্রোগ্রামারের দায়িত্ব পেলেন বাংলাদেশি নির্মাতা সিজু

অস্কার কোয়ালিফায়িং মর্যাদাপূর্ণ সিনেকুয়েস্ট ফিল্ম অ্যান্ড ভিআর ফেস্টিভ্যাল–এর পার্টনার ইভেন্ট ‘সিনেজয় ভিউয়ার্স ভয়েস ডক অ্যান্ড ড্রামা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর প্রোগ্রামার হিসেবে দায়িত্ব পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজু।

হলিউডের অন্যতম প্রভাবশালী এই উৎসবের ৩৫তম আসর আগামী ৯ থেকে ২২ মার্চ, ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে প্রোগ্রামিং টিমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শাহনেওয়াজ খান সিজু। এর আগে তিনি একই উৎসবের ৩৩তম আসরে তার আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র ‘Not a Fiction’ প্রদর্শনের মাধ্যমে আলোচনায় আসেন। এবার তিনি উৎসবের অপর প্রান্তে—নির্বাচকের আসনে!

আয়োজকদের মতে, সিনেকুয়েস্টের পার্টনার ইভেন্ট ‘সিনেজয় ভিউয়ার্স ভয়েস (CVV)’ এর ব্যানারে এবার প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে চারটি বিশেষ মিনি ফেস্টিভ্যাল এবং একটি ‘Festival of Festivals’।

এখানে দর্শকরাই হবেন চূড়ান্ত বিচারক; তাদের ভোট ও মতামতের ভিত্তিতেই নির্ধারিত হবে বিজয়ীরা।

মিনি ফেস্টিভ্যালসমূহের নাম ও সময়সূচি:

CVV Comedy Film Festival: ৬–১২ নভেম্বর, ২০২৫

CVV Thrillers Film Festival: ৪–১০ ডিসেম্বর, ২০২৫

CVV Doc & Drama Film Festival: ১৫–২১ জানুয়ারি, ২০২৬

CVV Festival of Festivals: ১২–১৮ ফেব্রুয়ারি, ২০২৬

এই চারটি উৎসবের বিজয়ী চলচ্চিত্রগুলো অংশ নেবে চূড়ান্ত ‘Festival of Festivals’-এ, যেখানে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় ক্যাশ প্রাইজ, বিশেষ আন্তর্জাতিক মেন্টরিং, এবং অস্কার কোয়ালিফায়িং সিনেকুয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন পাওয়ার সুবর্ণ সুযোগ।

শাহনেওয়াজ খান সিজুর সঙ্গে এই উৎসবের প্রোগ্রামিং টিমে রয়েছেন বিশ্বের খ্যাতনামা চলচ্চিত্র ব্যক্তিত্বরা—ইতালীয় নির্মাতা Davide Fiore, মার্কিন নির্মাতা, প্রযোজক ও টেম্পল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক Neil Dhand, সুইস অ্যানিমেটর Lavinia Petrache, মেক্সিকান নির্মাতা R.S. Quintanilla, এবং ফরাসি চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক Julien Stiegler।

বর্তমানে নিউ ইয়র্কে অবস্থানরত শাহনেওয়াজ খান সিজু বলেন, বাংলাদেশের বাইরে এত বড় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রোগ্রামার হিসেবে কাজ করা আমার জন্য গর্বের। দেশের নামের পাশে এমন একটি প্ল্যাটফর্মে আমার নাম জড়ানো এক অনন্য আনন্দের বিষয়। সারা বিশ্বের অসাধারণ সব নির্মাতার কাজ কাছ থেকে দেখা এবং তাদের সঙ্গে একসঙ্গে কাজ করার এই অভিজ্ঞতা আমার ফিল্মমেকিং জীবনের এক অনুপ্রেরণাদায়ক অধ্যায় হয়ে থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top