সকল মেনু

বাউফলে যুবলীগ নেতা মামুনসহ দু’জন গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে অস্ত্র নিয়ে নির্বাচনী প্রচারণায় হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবলীগ নেতা মামুন হাওলাদারসহ দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (৭ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে বাউফল থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নগরের হাট ও কাশিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতার মামুন হাওলাদার (৩৪) নওমালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। অপর গ্রেফতার শাহাবুদ্দিন (৪৫) আদাবাড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি।

ডিবি ও  পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের সামনে দেশীয় অস্ত্র প্রদর্শন, নির্বাচনী প্রচারণায় হামলা ও প্রতিপক্ষ দমনে মারধর, ভাংচুরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামুন হাওলাদারের বিরুদ্ধে বাউফল ও দশমিনা থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মোট ৮টি মামলা চলমান। শাহাবুদ্দিনের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জসিম উদ্দিন যমুনা টেলিভিশনকে বলেন, বাউফল থানা পুলিশের অফিসিয়াল আবেদনের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করেছে আমাদের একটি টিম। গ্রেফতারকৃত আসামিদের বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার দু’জনকে আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top