আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটার, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ তৈরি করতে সারা দেশে যৌথ অভিযান শুরু হবে। গতকাল রোববার নির্বাচন ভবন মিলনায়তনে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চপর্যায়ের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে তিন বাহিনীর প্রধানরাও অংশ নেন। বৈঠকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু এবং সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধিরা জানান, এ পর্যন্ত ছয়জনকে আটক (গ্রেপ্তার) করা হয়েছে, যাদের সবাই কোনো না কোনোভাবে এর সঙ্গে সম্পৃক্ত। মূল যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, সেই দুজনকে পালিয়ে যেতে একজন সহযোগিতা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। এ তিনজনের ব্যাপারে অভিযান চলমান রয়েছে।
সিইসির সভাপতিত্বে বৈঠকে তিন বাহিনীর প্রধানরা ছাড়াও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অংশ নেন। বৈঠকে চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, মেসেজ ক্লিয়ার—কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না। যারা দস্যুতা করতে চায়, যারা আমার ভাইকে হত্যা করতে চায়, যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায়, তাদের প্রতি মানবিক হবো না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হবে। যারা আবেগ ব্যবহার করে অপকর্ম করেছে, তার প্রতিদান তারা পাবে।
তিনি বলেন, নির্বাচনের পরিবেশ ক্ষতি করে—এমন বিষয়কে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। এখন থেকে মাঠপর্যায়ে যৌথ বাহিনীর অভিযান চালু হবে। তারা অবৈধ অস্ত্র উদ্ধার, আটক শুরু করবে। পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।