মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার রয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অপর আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। তিনটি অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন তিনি।
রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আর্জি জানান চিফ প্রসিকিউটর। প্যানেলের বাকি দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশনের শুনানি শেষে আসামি পলকের পক্ষে দাঁড়ান আইনজীবী লিটন আহমেদ। তিনি বলেন, ‘আদালদের আদেশ অনুযায়ী গত ৯ জানুয়ারি আমরা আসামির সঙ্গে প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য কারাগারে যাই। কিন্তু ল্যাপটপ ও পেনড্রাইভ নিয়ে আমাদের ঢুকতে দেননি কারা কর্তৃপক্ষ। তাই আমরা আগামী শুক্রবার এ কাজটি সারতে চাই। একই সঙ্গে, ১৮ জানুয়ারি অভিযোগ গঠন নিয়ে প্রশ্নে শুনানি করতে চাই।’
এ সময় চিফ প্রসিকিউটর বলেন, ‘আসামিপক্ষে শুনানির জন্য ১৪ তারিখ নির্ধারিত রয়েছে। তারা চাইলে আজই আসামির সঙ্গে এখানে (ট্রাইব্যুনালের হাজতখানায়) প্রিভিলেজ কমিউনিকেশন করতে পারেন।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।