সকল মেনু

কলমাকান্দায় সমবায় দিবস পালিত, সম্মাননা পেল তিন প্রতিষ্ঠান ও দুই ব্যক্তি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা, সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলমগীর ভূঁঞা।

বিশিষ্ট সমবায়ী ও শিক্ষক মো. এনামুল হক তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারী চাঁন মিয়া, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, শিখা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি মো. হাবিবুর রহমান, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ রহমান বিপ্লব, বিআরডিবির সহসভাপতি হাবিবুর রহমান সবুজ, জনকল্যাণ সমিতির সভাপতি ও শিক্ষক এ কে এম শাহজাহান কবীর, আনসার-ভিডিপি সমিতির সম্পাদক মো. সেলিম, চন্দন তালুকদার ও আনোয়ার হোসেন প্রমুখ।এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সমবায় বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সমবায় খাতে অবদান ও কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আরও দুজন ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ব্যক্তি ও গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।বক্তারা আরও বলেন, সমবায়ের মূল চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top