সকল মেনু

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ, ইতিহাস গড়তে পারে আন্তর্জাতিক বিচার আদালত

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সাত বছর ধরে চলা এ মামলার রায়ে তৈরি হতে পারে আন্তর্জাতিক আইনের নতুন ইতিহাস। কারণ, ১৯৪৮ সালে গণহত্যা সনদ স্বাক্ষরের পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে বহু ব্যক্তির বিচার হলেও কোনো রাষ্ট্রকে এখন পর্যন্ত আন্তর্জাতিক আদালতে সরাসরি গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করা হয়নি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাম্বিয়ার পক্ষে রায় এলে তা আন্তর্জাতিক আইনের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হবে। মামলায় গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেওয়া আইনজীবী আরসালান সুলেমানের মতে, গাম্বিয়া এই মামলায় জিতলে এটি একটি যুগান্তকারী রায় হবে। এটি ১৯৪৮ সালের গণহত্যা সনদ এবং কোনো রাষ্ট্র কর্তৃক সংঘটিত অপরাধের জন্য আন্তর্জাতিক আইনি জবাবদিহিতার ধারণাকে নতুন প্রাণশক্তি দেবে।

২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযান চালানো হয়। ওই অভিযানে হত্যা, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মতো ভয়াবহ ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে কয়েক লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, ওই সময় রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের গ্রামগুলোতে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছিলেন কয়েকজন সাংবাদিক। পাশাপাশি বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ মানুষের ভয়াবহ দুর্ভোগও সামনে আসে। রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন ও গণধর্ষণের অভিযোগ মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের অনুসন্ধানী দলের প্রতিবেদনেও বিস্তারিতভাবে উঠে এসেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top