কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ৫১ বস্তা টাকা। ৪ মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি দানবাক্স খুলে এসব টাকা পাওয়া যায়। বর্তমানে চলছে গণনার কাজ। গণনা শেষে জানা যাবে মোট দানের পরিমাণ। সংশ্লিষ্টদের ধারণা, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
এদিন সকাল সোয়া ৭টার দিকে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। এর আগে মসজিদটিতে দানবাক্স ছিল ১৩টি। এবার আরও দুটি বাড়িয়ে মোট ১৫টি করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে দানবাক্স খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম মারুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দানবাক্স থেকে পাওয়া টাকা প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। পরে নির্ধারিত স্থানে এসব টাকা ঢেলে শুরু হয় গণনার কাজ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।