বিশ্ববাজারে কফির দাম তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বিশেষ করে রোবাস্তা কফির দাম কমেছে উল্লেখযোগ্য হারে। বিশ্বের শীর্ষ উৎপাদক দেশ ভিয়েতনামে নতুন মৌসুমের কফি বাজারে আসতে শুরু করায় সরবরাহ বাড়ছে। এতে আন্তর্জাতিক বাজারে দাম কমছে।
রোববার (২২ নভেম্বর) প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার লন্ডনের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) রোবাস্তা কফির ভবিষ্যৎ সরবরাহের চুক্তিমূল্য একপর্যায়ে প্রতি টনে ২ হাজার ৮৫৪ ডলারে নেমে আসে। এটি প্রায় তিন বছরের মধ্যে সর্বনিম্ন। পরে দাম কিছুটা বেড়ে প্রতি টন ২ হাজার ৮৭৯ ডলারে দাঁড়ায়। সেদিনও আগের দিনের তুলনায় দাম কমেছিল ৩ দশমিক ৩ শতাংশ।
সপ্তাহজুড়ে রোবাস্তা কফির দাম প্রায় ১০ শতাংশ কমার পথে ছিল। ভিয়েতনামে নতুন মৌসুমের ফসল সংগ্রহ ও বাজারজাত শুরু হওয়ায় সরবরাহ বাড়ছে। দেশটি বিশ্বের সবচেয়ে বড় রোবাস্তা কফি উৎপাদক ও রপ্তানিকারক।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভিয়েতনামে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুর দিকে কফি সংগ্রহের গতি আরও বাড়বে। নতুন ফসল বাজারে আসায় সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হতে পারে। এতে দাম কমার চাপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।