নেত্রকোনার কলমাকান্দায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ফলাফল বা বড় ডিগ্রি অর্জন করলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। মা-বাবার ত্যাগ ও শিক্ষকদের পরিশ্রমের মর্যাদা দিতে হলে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।মা-বাবার আত্মত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, “তুমি যে সুন্দর চকচকে কাপড়টা পরছো, তোমার মা অথবা বাবা হয়তো একটা পুরোনো কাপড় পরছেন। তাদের সেই পুরোনো কাপড়ের বদৌলতেই তোমরা নতুন চকচকে কাপড় পাচ্ছো।”তিনি আরও বলেন, দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এমন বাংলাদেশ গড়তে হবে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ও মর্যাদা পাবে।
শিক্ষকদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ ও রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।