আবু আব্দুল্লাহ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী স্মরণোৎসবের সমাপনী দিনে প্রথমবারের মত প্রবর্তনকৃত সোনালি কাবিন পদক-২০২৫’ পেলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।
সোমবার(১৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে কবি আল মাহমুদ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী স্মরণোৎসবের সমাপনী দিনে পুরস্কার ও সোনালি কাবিন পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে। পদক গ্রহণ করেন বরেণ্য শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক।
অনুষ্ঠানে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সভাপতি মো. ইব্রাহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, কবি আমিন আল আসাদ, মোহাম্মদ আজম, কবি জয়দুল হোসেন প্রমুখ। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক কবি মহিবুর রহিম।
সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনের নৃত্য পরিচালক জিয়া আমিনের নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবি আল মাহমুদের স্মরণোৎসবের পর্দা নামে।
এ স্মরণোৎসবে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫টি স্টল অংশ গ্রহণ করে। এর আগে সকালে কবি আল মাহমুদের স্মরণোৎসব উপলক্ষ্যে কবিদের স্বরচিত কবিতা পাঠ ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত কবি আল মাহমুদের জীবন এবং কর্মের ওপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান আয়োজনে অংশগ্রহণ করে দর্শকদের মনোমুগ্ধ করেন তিতাস ললিত কলা একাডেমী, কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ এবং সাহিত্য একাডেমী ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।