সকল মেনু

৬৫ ধাপ এগোলেন রিশাদ, হৃদয়-মিরাজেরও উন্নতি

ব্যাট-বল হাতে দারুণ সময় কাটছে বাংলাদেশের রিশাদ হোসেনের। টি-টোয়েন্টির পর নৈপুণ্যের ঝলকানি চলছে ওয়ানডে ফরম্যাটেও। এরই ধারাবাহিকতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাটে-বলে ভালো করার পুরস্কার পেলেন তিনি। ওয়ানডে বোলারদের তালিকায় ৬৫ ধাপ আর অলরাউন্ডারদের তালিকায় ৮৭ ধাপ এগিয়েছেন এই ক্রিকেটার।

আজ বুধবার (২২ অক্টোবর) ছেলেদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। রিশাদের বড় লাফ ছাড়াও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়দের।

মিরপুরে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ১৩ বলে ২৬ রানের পর ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩৫ রানে ৬ উইকেট নেন রিশাদ। পরের ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৪ বলে ৩৯ রানের ‘টর্নেডো’। আর বল হাতে নেন ৩ উইকেট।

এমন অনন্য সাধারণ নৈপুণ্যে দেখিয়ে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ১২৪ নম্বর থেকে এক লাফে ৮৭ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন রিশাদ। বর্তমানে তার রেটিং পয়েন্ট ১৫১। এই তালিকায় ১ ধাপ এগিয়েছেন বাংলাদেশ কাপ্তান মিরাজ। ২৭৩ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে তিনি। তালিকার শীর্ষে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

মিরাজ এগিয়েছেন ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়েও। ৬ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন এই অলরাউন্ডার। ওয়ানডে বোলিংয়ে এই মুহূর্তে মিরাজই বাংলাদেশের শীর্ষ বোলার। বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ১৬ ধাপ উন্নতি করে আছেন ৭১তম স্থানে।

ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে সেরা ত্রিশে বাংলাদেশের কারও অবস্থান নেই। প্রথম ওয়ানডেতে ধীরগতির ফিফটি করে ৭ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন হৃদয়। ৪৩ নম্বর স্থানেই আছেন সাবেক স্কিপার নাজমুল হোসেন শান্ত। ২ ধাপ এগিয়ে মিরাজ আছেন এখন ৬৩ নম্বরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top