সকল মেনু

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা থেকে গাউছিয়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ৬ লেনের মধ্যে ৫ লেন দখল করে গড়ে ওঠা কাঁচাবাজার উচ্ছেদ করেছেন তারা। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান চলবে আগামী রোববার পর্যন্ত। অভিযানে ফুটপাত দখল করা ১০ জন দখলদারকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে হকাররা মহাসড়কের উপর দোকান বসিয়ে রাখায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হতো। এতে সিলেট বিভাগসহ দেশের পূর্বাঞ্চলের ১২ জেলার যাত্রীদের ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে পড়তে হতো। একই সঙ্গে জ্বালানির অপচয় এবং পথচারীদের পারাপারে ঝুঁকি তৈরি হয়েছিল।

এ নিয়ে গত ৯ অক্টোবর যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর অবশেষে শুক্রবার বিকেল ৫টা থেকে শুরু হয় তিন দিনের টানা উচ্ছেদ অভিযান।

অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয়।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম, ফরিদ আল সোহানসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।

এ ব্যাপারে ইউএনও বলেন, ঢাকা- সিলেট মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক। এ সড়ক দিয়ে ১২টি জেলার মানুষ আসা যাওয়া করেন।  দীর্ঘদিন ধরে এই সড়কের ভুলতা, গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকা দখল করে কিছু ব্যবসায়ী অবৈধভাবে  ভাসমান দোকান বসিয়ে ব্যবসা করে আসছে। এতে সড়কে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, বেশ কয়েকবার অভিযান চালিয়ে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হলেও কিছুদিন পর আবার একটি অসাধু চক্র টাকার বিনিময়ে সেগুলো পুনরায় বসিয়ে সড়ক দখল করে ফেলে। আজ থেকে সড়ক দখল মুক্ত রাখতে স্থায়ীভাবে প্রশাসনের লোকজন এখানে নিয়মিত টহল দেবে। তাছাড়া এক প্লাটুন আনসার সদস্যও নিয়মিত কাজ করবে। পাশাপাশি সড়ক দখলমুক্ত রাখতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top