সকল মেনু

মাদকবাহী জাহাজে হামলা যুক্তরাষ্ট্রের, নিহত ৬

দক্ষিণ আমেরিকার উপকূল ও প্রশান্ত মহাসাগরে একের পর এক সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ অক্টোবর) সর্বশেষ হামলায় ছয়জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হামলার একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়, একটি নৌকা মুহূর্তেই বিস্ফোরিত হয়ে ধোঁয়ায় ঢেকে যায়।

এই হামলাটি চলতি সেপ্টেম্বরের শুরু থেকে ট্রাম্প প্রশাসনের পরিচালিত দশম অভিযান। বেশিরভাগ হামলাই দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় সাগরে পরিচালিত হলেও, গত ২১ ও ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরেও অভিযান চালায়।

মার্কিন প্রশাসনের দাবি—এগুলো মাদকবাহী নৌকা ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত ‘অ্যান্টি-নার্কোটিক’ অপারেশন। তবে কংগ্রেসের সদস্যরা, উভয় দল—ডেমোক্র্যাট ও রিপাবলিকান—এই হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ডেমোক্র্যাট সিনেটরদের ২৫ জন সদস্য গত ১০ সেপ্টেম্বর হোয়াইট হাউসকে লেখা এক চিঠিতে অভিযোগ করেন, প্রশাসন কোনো প্রমাণ ছাড়াই এক নৌকায় হামলা চালিয়েছে।

রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পলও দাবি করেছেন, এই ধরনের হামলার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। তবে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি আইনি ক্ষমতার অধিকারেই এসব হামলার নির্দেশ দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেন, ‘যদি মাদকবাহী নৌকা ধ্বংস দেখতে না চান, তাহলে যুক্তরাষ্ট্রে মাদক পাঠানো বন্ধ করতে হবে।’

দেশটির সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত এসব হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এই অভিযান কেবল মাদকবিরোধী নয়, বরং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের ওপর সামরিক চাপ সৃষ্টির অংশ হতে পারে।

সূত্র: বিবিসি নিউজ। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top