সকল মেনু

মাদুরোকে আটকের অভিযান স্ক্রিনে সরাসরি দেখেছেন ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো মার্কিন অভিযানের পুরো দৃশ্য দেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-আ-লাগোতে একটি কক্ষে বসে স্ক্রিনে সরাসরি অভিযান পর্যবেক্ষণ করেন তিনি। হোয়াইট হাউস প্রকাশিত ছবিতে দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আসা বার্তাগুলোর লাইভ ফিডও সেখানে দেখানো হচ্ছিল। সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কারাকাসে মাদুরোর বাসভবনে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। সে সময় স্ত্রী সিলিয়া ফ্লোরেসের পাশে ঘুমাচ্ছিলেন মাদুরো। নিরাপদ কক্ষে পালানোর চেষ্টা করলে তাকে দ্রুত আটক করা হয়। ধূসর ট্র্যাকসুট পরা, হাতকড়া লাগানো এবং চোখে কালো গগলস পরা অবস্থায় তাকে যুক্তরাষ্ট্রের হেফাজতে নেওয়া হয়।

এই অভিযান ছিল কয়েক মাসের পরিকল্পনার চূড়ান্ত ধাপ। এর মূল লক্ষ্য ছিল মাদুরোকে ক্ষমতা থেকে সরানো। বড়দিনের কয়েক দিন আগে ট্রাম্প অভিযানের অনুমোদন দেন। আবহাওয়ার কারণে এক সপ্তাহের বেশি সময় অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত ১০টা ৪৬ মিনিটে ট্রাম্প চূড়ান্ত সবুজ সংকেত দেন।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ বাস্তবায়নে ১৫০টি বিমান এবং সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন। ২০টি ঘাঁটি থেকে একযোগে উড্ডয়ন করে মার্কিন বিমান। ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হয়। একই সঙ্গে সাইবার যুদ্ধ কৌশল ব্যবহার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top