সকল মেনু

তারেকের নেতৃত্বে গণতন্ত্রের যাত্রায় বাংলাদেশ

বাংলাদেশের ১৭তম (ব্যক্তি হিসেবে ১১তম) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরল বিএনপি। এবারই দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সাদা জামা ও কোট-প্যান্ট পরিহিত তারেক রহমানকে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত দেখাচ্ছিল। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন এবং কণ্টকাকীর্ণ রাজনৈতিক পথ পেরিয়ে তার নেতৃত্বে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভা নবীন-প্রবীণের মিশেলে গঠিত হয়েছে। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সবাই গতকাল শপথ গ্রহণ করেছেন। এই মন্ত্রিসভায় একদিকে কিছু অভিজ্ঞ, প্রবীণ এবং তরুণ নেতা স্থান পেলেও বাদ পড়েছেন খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খানের মতো অভিজ্ঞরা

তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করায় মন্ত্রিসভার বড় চমক হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীসহ ৫০ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভার আরও চমক হিসেবে রয়েছেন ২৪ জন প্রতিমন্ত্রী, যারা একেবারেই নতুন। এ ছাড়া পূর্ণমন্ত্রীর মধ্যে ১৬ জনই নতুন।

সংসদ কমপ্লেক্সের জমকালো দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী ছাড়াও ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশের কূটনীতিক; অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সিইসি, সুপ্রিম কোর্টের বিচারক, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের সদস্য, সিনিয়র সাংবাদিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top