জনি হক ও মুরাদ নূর দুজনেই রুচিশীল সৃষ্টিতে স্ব মহিমায় উজ্জ্বল। তাঁদের সৃষ্টি এপার বাংলা ওপার বাংলাও বেশ প্রশংসিত ও পুরষ্কৃত। এবার প্রথমবারের মতো ‘থাকে তবুও ভালোবাসা’ নাটকের জন্য একসাথে গান বাঁধলেন। সম্প্রতি গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সেনিজ।
নতুন সৃষ্টি নিয়ে গীতিকবি জনি হক বলেন, “খুব অল্প সময়ের মধ্যে গানটি লিখতে হয়েছে। গল্প মাথায় রেখে কথামালা সাজানোর চেষ্টা করেছি। মুরাদ নূর প্রশংসনীয় সুর বেঁধেছেন। সেনিজ ভালো গেয়েছেন। ‘থাকে তবু ভালোবাসা’ নাটক সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনা।”
সুরকার মুরাদ নূর বলেন, নাটক সিনেমার গানে পরিচালকের চাওয়া পাওয়ার বাইরে যাওয়ার সুযোগ কম থাকে! পরিচালকের চাওয়া পূরণ করার চেষ্টা করেছি মাত্র, আশা করছি গানটি সবার ভালো লাগবে। জনি হকের কথা, সেনিজের গায়কী বেশ প্রশংসনীয়। পরিচালক ও প্রয়োজককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাকে বিশ্বাস করার জন্য।
কণ্ঠশিল্পী সেনিজ বলেন, জনি হক ভাই ও মুরাদ নূর ভাই দুইজনেই আমার পছন্দের মানুষ। তাঁদের সৃষ্টি আমার ভালো লাগে। ওনাদের সৃষ্টিতে আমি যুক্ত হতে পেরে ভালো লাগছে। খুবই মিষ্টি কথা-সুরের একটি গান। আমার গাওয়া সেরা গানগুলোর একটি হবে ‘থাকে তবুও ভালোবাসা’
পরিচালক এস এম সেলিম বলেন, অনেক সীমাবদ্ধতা নিয়ে খুবই কম সময়ের মধ্যে কাজটি করতে হয়েছে। গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পী আমার প্রত্যাশার চেয়ে বেশি দিয়েছেন। সমসাময়িক সমস্যা, পারিবারিক গল্পের নাটকটি গানের জন্য আরো প্রাণ পেয়েছে। বাংলাদেশ টেলিভিশন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
জানা গেছে, আফরোজা সুলতানার প্রযোজনায় এম এস রানার রচনা ও এস এম সেলিমের পরিচালনায় বিটিভির জন্য নাটটিকে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, জান্নাতুন তাজরী অরা, সোহেল রশিদ, তারেক আজিজ নিশক, অরণ্য বিজয়, মোশারফ হোসেন, মনির হোসেন অনিক, শিশুশিল্পী নাবিহা রানা প্রমুখ। নাটকটি শীঘ্রই বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।