সকল মেনু

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বালুসহ আটক তিনজনের জেল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি তিনটি হ্যান্ডট্রলি গাড়ি জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে শুনানি শেষে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন—কলমাকান্দা সদর ইউনিয়নের দিনমজুর ময়না মিয়া (৪৫), মো. আব্দুল হাই (৩০) ও মো. জাকির হোসেন (২৫)।

 

আদালত সূত্রে জানা গেছে, জব্দ করা তিনটি হ্যান্ডট্রলি গাড়িতে মোট ১৫০ (৩×৫০) ঘনফুট বালু ছিল। আদালতের নির্দেশে বালুভর্তি গাড়িগুলো জব্দ করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দুপুরেই নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মো. তাজামূল ইসলাম বলেন, “সম্প্রতি গভীর রাতেও হ্যান্ডট্রলি গাড়ির শব্দে আমরা ঘুমাতে পারছিলাম না। বিষয়টি এলাকাবাসী উপজেলা প্রশাসনকে অবহিত করে। এর পরিপ্রেক্ষিতেই আজ অভিযান পরিচালনা করা হয়।”

 

স্থানীয়দের একাংশের মতে, নদী ও পরিবেশ রক্ষায় আইনের কঠোর প্রয়োগ জরুরি। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং পরিবেশ ও স্থানীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।অন্যদিকে সচেতন মহলের আরেকটি অংশ মনে করছে, দারিদ্র্য ও কর্মসংস্থানের সংকট অনেক সময় মানুষকে ঝুঁকিপূর্ণ ও বেআইনি কাজে জড়িয়ে ফেলে। তাই আইন প্রয়োগের পাশাপাশি দীর্ঘমেয়াদে টেকসই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও প্রয়োজন।প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top