সকল মেনু

ঐক্য ও নৈতিক সমাজ গঠনের আহ্বান—কলমাকান্দায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
পবিত্র রমজান মাসের শিক্ষা ও তাৎপর্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-র উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রমজানের আত্মশুদ্ধি, সামাজিক সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (২ মার্চ) বিকেলে কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা বদরুল আমিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রমজান কেবল সংযমের মাস নয়; এটি আত্মশুদ্ধি, মানবিকতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকারের মাস। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতার চর্চা বাড়াতে এবং ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া; উপজেলা খেলাফত মজলিসের সভাপতি উছমান গনি; উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আহমেদ শফি; উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা হাবিবুর রহমান; সহ-সাধারণ সম্পাদক আমানুল ইসলাম; বড়খাপন ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এ কে এম ওবায়দুল্লাহ এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top