কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
পবিত্র রমজান মাসের পবিত্র আবহে নেত্রকোনার কলমাকান্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা। ইসলামী মূল্যবোধ জাগ্রত করা ও নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করতে এ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কলমাকান্দা উপজেলা শাখা।
আয়োজক সূত্রে জানা গেছে, ভূমি প্রতিমন্ত্রী জননেতা ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সার্বিক ব্যবস্থাপনায় ১৪ থেকে ১৭ রমজান পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা উছমান গনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, বিচারকমণ্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, কুরআন কেবল তিলাওয়াতের গ্রন্থ নয়—এটি জীবন গড়ার দিশারি, নৈতিকতার ভিত্তি ও মানবতার সংবিধান। নতুন প্রজন্মের কণ্ঠে যখন আল্লাহর বাণী ধ্বনিত হয়, তখন সমাজে জাগে আত্মশুদ্ধি ও নৈতিকতার নতুন প্রত্যয়।
এ সময় মুফতি যাইনুল আবেদীন বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে কুরআনের সান্নিধ্যে বেড়ে ওঠার অনুপ্রেরণা জোগায়। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত থাকলে কুরআনমুখী, নৈতিক ও আলোকিত সমাজ গঠন সহজতর হবে।উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের বলেন, চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। সুন্দর ও শুদ্ধ তিলাওয়াতের মাধ্যমে অংশগ্রহণকারীরা কুরআনের হিফজ, হামদ-নাত ও আজান পরিবেশন করবে।
ধর্মীয় আবহে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ সমাজে নৈতিকতা ও ধর্মীয় চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।