কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের বটতলা বাজারে একটি দোকানঘর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এক ইউপি সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় ছাত্রদল নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ একাধিক অভিযোগে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।মঙ্গলবার (১৭ মার্চ) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নাজমুল ইসলাম লেঙ্গুরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও নৈতিক অবক্ষয়ের সুনির্দিষ্ট অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বটতলা বাজারে একটি দোকানঘর দখলকে কেন্দ্র করে ইউপি সদস্য হোসেন আলীর সঙ্গে নাজমুল ইসলামের বিরোধ চলছিল। প্রায় এক সপ্তাহ আগে ওই ঘর দখলের চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে তা ভেস্তে যায়।
এর জেরে গত সোমবার (১৬ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে নামাজের পর নাজমুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ইউপি সদস্য হোসেন আলীর ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে নাজমুল ইসলাম বলেন, তিনি কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।