কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।
বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়। মেলায় সহযোগিতা করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তত্ত্বাবধানে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলাম। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কণিকা সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ নূরে আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চান মিয়া, লেংগুড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম. আলমগীর তালুকদার এবং কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক নানা প্রদর্শনী উপস্থাপন করছে।আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং নতুন উদ্ভাবনে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।