Print

SomoyKontho.com

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৯, ২০২৪ , ১২:৫৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৯, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাঘাইল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, উপজেলার বাঘাইল গ্রামের জফির উদ্দিনের ছেলে সেলিম হোসেন, আফাজ উদ্দিনের ছেলে আইনুল হক ও আব্দুর রাজ্জাকের ছেলে নাসিম আহমেদ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানের সাথে বিরোধ চলছিল জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের। কয়েকদিন আগে একটি পুকুরের দখল নিয়েও দুই গ্রুপের মধ্যে বিবাদ দেখা দেয়। এরই জের ধরে গত সন্ধ্যায়, মেহেদীর নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল হাবিবের অনুসারী সেলিম হোসেনের অফিসে হামলা চালায়। এসময়, সেলিমসহ হাবিবের আরও ২ অনুসারী আইনুল হক ও নাসিম আহমেদ গুলিবিদ্ধ হন। আহত নাসিমকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স ও অপর ২ জনকে রাজশাহী মেডিকেলে নেয়া হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান শহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আরও সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত ১২টা পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com