Print

SomoyKontho.com

শহীদ বুদ্ধিজীবী-বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৩, ২০২৪ , ১১:৪৬ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৪, ১১:৪৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আলোচনা সভা, র‍্যালি ও দোয়ার মাধ্যমে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, আমাদের জীবনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেই সব শহীদ বুদ্ধিজীবীগণ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহর কাছে তাদের রূহের মাগফিরাত কামনা করছি। যারা দেশ মাতৃকার মুক্তির জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে মুক্ত করেছেন আমি সে সব মুক্তিযোদ্ধাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

জুলাই-আগস্টের গণঅভূত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেন ডা. শফিকুল রহমান। পাশাপাশি নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, দেশবাসী এমন এক সময় এ দুই দিবস পালন করতে যাচ্ছে, যখন ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের অপশাসন, জুলুম-নির্যাতন ও গুম-খুন থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে, শান্তিতে-স্বস্তিতে থাকার প্রয়াস পাচ্ছে এবং দেশ ভঙুর অর্থনীতি থেকে মুক্তি লাভের চেষ্টা করছে। এমতাবস্থায় পতিত স্বৈরাচারের দেশি-বিদেশি দোসররা আবার দেশকে নানা কূটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। পতিত স্বৈরাচারের দেশবিরোধী সকল চক্রান্ত-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে দেশবাসীকে আহ্বান জানায় তার দল।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেশবাসীর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন ডা. শফিকুর রহমান।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com