Print

SomoyKontho.com

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২৪ , ১১:২৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৪, ১১:২৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরশহরের শান্তিনগর ও শ্যামনগর গ্রামের মানুষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন– সালাউদ্দিন (৪০), রানা (১৭), রায়হান (২৫), গোলাপ মিয়া (৪৫), বাদশা মিয়া (৫৫), খোকন মিয়া (২২), আমজাদ (৩০), জাহানারা (৫২) ও জোসনা (৩২)।

আহতদের মধ্যে সালাউদ্দিন ও রানার অবস্থা গুরুতর হওয়ায় তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে আখাউড়া পৌরশহরের শান্তিনগর পাটের অফিস এলাকায় বালু মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে সন্ধ্যায় দুই দল গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উভয় পক্ষের আহতের ঘটনা ঘটেছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com