Print

SomoyKontho.com

৪৩ তম বিসিএসে বাদ পড়ারা আবেদন করলে পুনর্বিবেচনা করবে সরকার

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২, ২০২৫ , ৮:০৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২, ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

৪৩ তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে বাদ পড়া ব্যক্তিরা চাকরি ফেরত পেতে আবেদন করলে তা পুনর্বিবেচনা করবে সরকার। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় নিয়ে সাময়িকভাবে ২২৭ জনকে বাদ দেয়া হয়েছে। পাশাপাশি তাদের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই ও খোঁজখবর নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় ৪০ জনকে অনুপযুক্ত বিবেচনা করা হয়। এই ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হবে।

এর আগে, গতকাল বুধবার ৪৩ তম বিসিএসে বাদ পড়া ব্যক্তিরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। এ সময় নিয়োগের দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর সুপারিশপ্রাপ্তদের মধ্যে থেকে ৯৯ জনকে বাদ দিয়ে ২২৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর ৩০ ডিসেম্বর আগের প্রজ্ঞাপন বাতিল করে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে প্রথম প্রজ্ঞাপন থেকে ১৬৮ জন বাদ পড়েন। আর দুই প্রজ্ঞাপন মিলিয়ে বাদ পড়েন ২৬৭ জন। এদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় ৪০ জন ও গোয়েন্দা প্রতিবেদন অসন্তোষজনক থাকায় ২২৭ জনকে বাদ দেয়ার কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com