Print

SomoyKontho.com

রেকর্ড বন্যার ম্যাচে বড় জয় পেল ঢাকা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১২, ২০২৫ , ১১:৩৬ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১২, ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ক্রীড়া প্রতিবেদকঃ

ঢাকা ক্যাপিটালস এর ২৫৪ রানের জবাবে মাত্র ১০৫ রানেই গুটিয়ে গেল দুর্বার রাজশাহী। তাতে ১৪৯ রানের বিশাল ব্যবধানে জয় পেল ঢাকা। টানা ছয় ম্যাচ হারের পর রেকর্ডবুক উলোটপালোট করে রাজশাহীকে বড় পরাজয়ের লজ্জা উপহার দিল তারা।

বিপিএলের ইতিহাসে একই ইনিংসের দুই ওপেনারের একসঙ্গে সেঞ্চুরি করার রেকর্ড  এই প্রথম।লিটন দাস ও  তানজিদ হাসান তামিম আজ শতরান করেছেন।

এই দুই ওপেনার জোড়া শতক হাঁকিয়ে আজ ১২ জানুয়ারি, ২০২৫ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আরও দুটি নতুন বিপিএল রেকর্ড গড়েছেন।

বিপিএলে এর আগে প্রথম উইকেটে সবচেয়ে বড় জুটি ছিল শাহরিয়ার নাফিস ও নিউজিল্যান্ডের ল্যু ভিনসেন্টের। তারা ২০১৩ সালে দ্বিতীয় বিপিএলে খুলনার হয়ে রাজশাহীর বিপক্ষে প্রথম উইকেটে ১৯৭ রান করেছিলেন। ১২ বছর পর সে রেকর্ড আজ ভেঙ্গে ফেলেছেন লিটন দাস ও তানজিদ তামিম। ২৪১ রান বিশাল জুটি গড়ার পর এই দু’জন বিচ্ছিন্ন হন।

শুধু প্রথম উইকেটে নতুন রেকর্ড গড়াই নয়। বিপিএলের ইতিহাসের যে কোন উইকেটেও সবচেয়ে বেশী রানের রেকর্ড এখন লিটন ও তানজিদ তামিমের। ৬৪ বলে ১০৮ রান করে আউট হন তানজিদ তামিম। ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন লিটন দাস।

বিপিএলের যে কোন উইকেটে আগের রেকর্ডটি ছিল ২০১ রানের। সেটা করেছিলেন দুই ভিনদেশি ব্রেন্ডন ম্যাককুলাম ও ক্রিস গেইল। তারা দু’জন রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২০১৭ সালের বিপিএলে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় উইকেটে ২০১ রানের জুটি গড়েছিলেন।

সেটাই এতকাল যে কোন উইকেটে বিপিএলে সবচেয়ে বড় জুটি হিসেবে পরিগণিত ছিল। অবশেষে ৮ বছর পর তা ভাঙলেন ঢাকা ক্যাপিটালসের লিটন দাস ও তানজিদ তামিম। তারা দুজন আজ ২৪১ রানের জুটি গড়েছেন।

শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস তুলেছে ১ উইকেট হারিয়ে ২৫৪ রান। বিপিএলের ইতিহাসে দলীয় স্কোরের ক্ষেত্রে এটাও একটি রেকর্ড। এর আগে বিপিএলে এত রান আর কেউ কখনো করতে পারেনি।

বিপিএলের ইতিহাসে এখন পর্যন্ত দ্রুততম সেঞ্চুরিটি বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার পারভেজ হোসেন ইমনের। তিনি ২০২০ সালের বিপিএলে ৪২ বলে শতরান করার কৃতিত্ব দেখিয়েছিলেন। এবার লিটন দাস তারপর দ্বিতীয় দ্রুততম শতকটি উপহার দিলেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com