জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি সরকার। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। আজ মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মাহফুজ আলম বলেন, অনানুষ্ঠানিকভাবে অনেকের সাথে ঘোষণাপত্র নিয়ে কথা হয়েছে। এর অধিকাংশ বিষয়ে তারা একমত। তবে কিছু জায়গায় ভিন্ন মত রয়েছে। সর্বদলীয় বৈঠকে ঐক্যমত্যের ভিত্তিতে একটি দলিল তৈরি করা হবে। এরপর ঘোষণাপত্রে কী কী থাকবে সে বিষয়ে জানা যাবে। গণঅভ্যুত্থানের প্রত্যাশা দলিলে প্রতিফলিত হবে। এ সময় আগামী নির্বাচনে যারা জয়ী হবেন, তারা ঘোষণাপত্রকে ধারণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মাহফুজ আলম আরও বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তির সাথে কথা বলার চেষ্টা করব। বিএনপি সব বিষয় পর্যালোচনা করে বৈঠকে আসুক। তবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বেশি সময় নেয়া উচিত হবে না। তাছাড়া জাতীয় পার্টির ভূমিকাও স্পষ্ট। তাদেরকে কোথাও ডাকা হয়নি। সর্বদলীয় বৈঠকে তাদের অংশ নেয়া জরুরি মনে করছি না।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়েছিল। ঘোষণাপত্র প্রকাশের আগের দিন রাতে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়। এরপর সেদিন রাতে দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচির ঘোষণা করা হয়।
শহীদ মিনারে সেই কর্মসূচি থেকে ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। এরপর গত ৯ জানুয়ারি উপদেষ্টা মাহফুজ আলম জানান, বেঁধে দেয়া সময়ের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করবে সরকার।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com