Print

SomoyKontho.com

গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৫, ২০২৫ , ১১:২৬ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৫, ২০২৫, ১১:২৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় এক সমন্বয়ক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার সময় এ ঘটনা ঘটে।

হামলায় আহত ওই সমন্বয়কের নাম ওমর শরীফ। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বশেমুরবিপ্রবির সমন্বয়ক।

হামলার এ ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে বশেমুরবিপ্রবির ক্যাম্পাস। বেশ কয়েক দফায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ারও ঘটনাও ঘটে।

বশেমুরবিপ্রবির বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক জসিমউদদীন বলেন, জুলাই আন্দোলনে সরাসরি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ আজ শনিবার পরীক্ষা শেষ করে বের হচ্ছিলেন। এ সময় আমরা ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়ার সময় সোহাগসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ আমাদের ওপর হামলা চালায়। এসময় সমন্বয়ক ওমর শরীফ আহত হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, ছাত্রদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ক্যাম্পাসের ভেতরে যায়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com