প্রতিবছরের মতো এবারও পর্দা উঠেছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
প্রতিবার বাংলাদেশের প্যাভিলিয়ন দেখা গেলেও এবার সেই দৃশ্য দেখা যাবে না। এতো বছরের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো স্টল থাকছে না কলকাতা বইমেলায়। এই খবরে হতাশ বইপ্রেমিরা।
এবারের বইমেলায় ফোকাল থিম কান্ট্রি জার্মানি। সেক্ষেত্রে মেলা প্রাঙ্গণের একদম কেন্দ্রে রয়েছে জার্মানির একটি বিশাল প্যাভিলিয়ন। জার্মানি ছাড়াও থাকছে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, স্পেন, পেরু, আর্জেন্টিনা, গুয়াতেমালাসহ অন্যান্য লাতিন আমেরিকার একাধিক দেশের প্যাভিলিয়ন।
তবে মেলায় বাংলাদেশের অনুপস্থিতি বইপ্রেমিদের কাছে ছিল বেদনাদায়ক। এই বইমেলার মাধ্যমে বাংলাদেশের লেখক-সাহিত্যিকদের রচিত বই পড়ার সুযোগ পেতেন ভারতসহ অন্যান্য দেশে থাকা বাঙ্গালিরা। সেই সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেক পাঠক।
এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কলকাতা বইমেলায় উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকর্মান, গ্যোটে ইনস্টিটিউট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অধিকর্তা ডক্টর মার্লা স্টুকেনবার্গ, সাহিত্যিক আবুল বাসার, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমসহ প্রমুখ।
আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলার প্রবেশদ্বার খোলা থাকবে। এবারের বইমেলায় প্রকাশক ও লিটল ম্যাগাজিন মিলিয়ে সর্বাধিক প্রায় ১ হাজার প্রকাশনী অংশগ্রহণ করেছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com