Print

SomoyKontho.com

হাসপাতালে লালনশিল্পী ফরিদা পারভীন

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২৫ , ১১:২৭ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

দেশের প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীনকে হাসপাতালে নেয়া হয়েছে। শিল্পীর ছোট ছেলে ইমাম জাফর নোমানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফরিদা পারভীন। এরপর জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

জানা গেছে, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। সকালে নিজ বাসায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনসংগীতের তালিম নেন ফরিদা পারভীন।

সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান তিনি। এ ছাড়াও, ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পান। ১৯৯৩ সালে সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। শিশুদের লালনসংগীত শিক্ষার জন্য ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুলও প্রতিষ্ঠা করেছেন তিনি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com