Print

SomoyKontho.com

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে তিতুমীর কলেজের ৭ দিনের কর্মসুচি স্থগিত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২৫ , ১০:২৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১০:২৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আবাসন, পরিবহন, শিক্ষক নিয়োগ, ল্যাব স্থাপনের আশ্বাসের প্রেক্ষিতে আগামী ৭ দিনের জন্য কর্মসুচি স্থগিত করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন তারা। শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ায় কমলাপুর থেকে ট্রেন চলাচলের ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান, সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে তারা আমরণ অনশন ভেঙে এ সিদ্ধান্তের কথা জানান।

এসময় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো নুরুজ্জামান বলেন, হল, পরিবহন, অবকাঠামোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে। টিএনটির জমিতে আবাসিক হল করা হবে। এছাড়াও আগামী ৭ দিনের মধ্যে পিএইচডি শিক্ষকদের পোস্টিংসহ আসন সংখ্যা যৌক্তিক পর্যায়ে আনা ও সেমিস্টার চালুর বিষয়ে উদ্যোগ নেয়া হবে।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েকমাস ধরে আন্দোলন করে আসছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। যার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়।

তবে এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। আজ সোমবারও ষষ্ঠ দিনের মতো অনশন করেন কয়েকজন শিক্ষার্থী।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com