Print

SomoyKontho.com

বনানীতে পোশাক শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল

প্রকাশিত হয়েছে: মার্চ ১০, ২০২৫ , ৪:০৬ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১০, ২০২৫, ৪:০৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাজধানীর বনানীতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় সহকর্মীদের বিক্ষোভে প্রায় সাড়ে ৭ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

পুলিশের আশ্বাস ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে সোমবার (১০ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আন্দোলন প্রত্যাহার করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এরপর ধীরে ধীরে বনানী ও মহাখালীসহ আশপাশের এলাকায় যান চলাচল শুরু হয়।

এর আগে, সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন মিনারা আক্তার নামে এক পোশাকশ্রমিক। এ ঘটনায় আহত হন আরেক শ্রমিক সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা বনানী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। ফলে গুলশান, মহাখালী ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে পুলিশের আশ্বাসে ও শ্রমিক নেতাদের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com