রাকিবুল ইসলাম রাজন
বরগুনা প্রতিবেদক :
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৩ মাসে বরগুনায় ৪০জনের মৃত্যু হয়েছে। সামান্য অসুস্থ হলেই রোগীদের অন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
উপকূলের ১২ লাখ মানুষের চিকিৎসা সেবার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে বরগুনার ২৫০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, আইসিইউ স্থাপন, চিকিৎসক ও নার্স সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বরগুনা সাংবাদিক ইউনিয়ন।
আজ ১৭ আগস্ট (রবিবার) বেলা ১১টায় বরগুনা জেনারেল হাসপাতাল চত্বরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
প্রায় ১২ লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। যেখানে ৫৫ জন চিকিৎসক থাকার কথা থাকলেও কাগজে কলমে রয়েছে ১৮ জন যার মধ্যে উপস্থিত থাকে মাত্র ৭ জন ডাক্তার। নামে মাত্র ২৫০ শয্যা করা হলেও বাড়েনি জনবল। উপকূলের মানুষরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধনে স্বাস্থ্য অধিকার ফোরাম, আমাদের জন্য আমরা, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, জেরিন স্মৃতি কেয়ার, মানবিক বরগুনা এবং বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা শাখা অংশগ্রহণ করে।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রেজওয়ানুর আলম, জেলা বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন, জেলা জামায়াতের আমির মহিব্বুলাহ হারুন, স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, রোগী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, জেরিন স্মৃতি কেয়ারের উপদেষ্টা ও বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা আসমা, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুশফিক আরিফ, সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, ইসলামী ছাত্রশিবির বরগুনা জেলা শাখার সেক্রেটারি গাজী হোসাইন, বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, জেলা শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি আব্দুস সালাম প্রমুখ।
সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন বলেন, বরগুনার মানুষের জীবনের কি কোনও মূল্য নেই? এত মানুষ মরে তারপরও স্বাস্থ্য বিভাগের টনক নড়ে না, উপকূলীয় মানুষের স্বার্থ সেবা নিশ্চিত করতে হাসপাতাল চাই এবং নার্স ডাক্তার নিশ্চিত করতে হবে।
জেলা জামায়াতের আমির মহিব্বুলাহ হারুন বলেন, মানুষের জীবনের জন্য সবাই এক ব্যানারে দাঁড়িয়েছি আমরা সবাই ৫০০ শয্যা হাসপাতাল চাই,বরগুনার মানুষ চিকিৎসা চায়। সবাই এগিয়ে আসুন, বরগুনার চিকিৎসার মান উন্নয়ন করা হোক।
জেলা বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, ডেঙ্গুতে আমার মেয়ে মারা গেছে এরকম বরগুনায় ৪০ টি পরিবার তার সন্তান হারিয়েছে আর কোন প্রাণ জেনে না ঝরে যায়। তাই আমাদের চিকিৎসার মান উন্নয়ন করার জন্য বরগুনায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হোক। হাসপাতালের সকল সংকট দূর করতে আমরা কাজ করবো।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু বলেন, উপকূলীয় জেলা বরগুনা সব দিক থেকে অবহেলিত। মৌলিক দাবি থেকে আমরা বঞ্চিত হই,আর কত আমরা অবহিত থাকবো। বরগুনায় আইসিইউ স্থাপন, চিকিৎসক ও নার্স সংকট নিরসনের দাবিতে বরগুনা সাংবাদিক ইউনিয়ন মানববন্ধন করেছি, আমাদের সকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে।
মানববন্ধনে বক্তারা বলেন দাবি না মানলে হরতাল সহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com