Print

SomoyKontho.com

মৎস্য সম্পদ বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৮, ২০২৫ , ৩:০৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৮, ২০২৫, ৩:০৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মৎস সম্পদ সুরক্ষায় প্রকৃতির প্রতি সদয় হতেও দেশবাসীকে আহ্বান জানালেন তিনি।

সোমবার (১৮ আগস্ট) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধনের সময় দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এবারের মৎস্য সপ্তাহের স্লোগান ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’।

প্রধান উপদেষ্টা বলেন, চাষের মাছের গুরুত্ব অনেক বেড়েছে। অনেক তরুণ উদ্যোক্তা মৎস্য চাষে এগিয়ে আসছে। বর্তমানে আমিষের চাহিদা মেটানোতে চাষের মাছের অবদান অনেক বেশি। কিন্তু ইলিশ মাছ দেশের মানুষকে সাশ্রয়ী মূল্যে দেয়া সম্ভব হচ্ছে না। নিষেধাজ্ঞা মানলে মাছের প্রাপ্তি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

মুহাম্মদ ইউনূস বলেন, মাছ আমাদের জন্য প্রকৃতির একটি উপহার। এটি আল্লাহর দান। প্রকৃতির প্রতি আমরা অত্যন্ত নির্মম। এর প্রতি সদয় হওয়ার চিন্তা আমাদের মাথায়ও আসে না। আজকের এই দিনে আমরা উদযাপন করবো, কিন্তু প্রকৃতির প্রতি সদয় হবার কথাও আমাদের চিন্তা করতে হবে। আমরা এত নির্দয় হচ্ছি অন্যান্য অনেক জিনিসের মতো মাছও বোধয় আমাদের কপাল থেকে চলে যাবে। সব বর্জ্য আমরা পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি। নদী পালনের কথা কেউ বলে না৷

তিনি আরও বলেন, মৎস্য শিল্প নিয়ে দেশে একটা ইন্ড্রাস্টি গড়ে তুলতে হবে। এর জন্য বিশ্বমানের বিশেষজ্ঞদের গবেষণা কাজে লাগাতে হবে। এই সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করতে বন্ধু দেশগুলোর সাথে আলোচনা করা হয়েছে । এছাড়া সমুদ্র উপকুলীয় অঞ্চল রক্ষায় আলোচনা শুরু হয়েছে। অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ , পরিবেশ ধ্বংসের কারণে বাংলাদেশের মত দেশে সুস্বাস্হ্য নিয়ে থাকা কঠিন যাচ্ছে।

অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জনকে স্বর্ণ, ৫ জনকে রৌপ্য ও ২ জনকে ব্রোঞ্জ পদক প্রদান করা হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com