Print

SomoyKontho.com

নোয়াখালীতে ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২, ২০২৫ , ১১:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

নোয়াখালীতে মো.ইয়াছিন (৫৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহনী। গ্রেফতারকৃত ইয়াছিন চাটখিল উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের মৃত আতিক উল্লাহর ছেলে।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গতকাল সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জের চৌহমুহনী বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যাব-১১ এর সহযোগিতায় চাটখিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ১৯৯৬ সালের ২৫ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর থানার একটি হত্যা মামলায় দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ইয়াছিন নিজের পরিচয় প্রকাশ করে এবং ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ার বিষয়টি স্বীকার করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন,  র‍্যাব-১১ এর সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। তিনি যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত পরোয়ানাভুক্ত আসামি। এতদিন বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। এ সময় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com