Print

SomoyKontho.com

উৎসবমুখর পরিবেশে চলছে জাকসু নির্বাচনের প্রচারণা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০২৫ , ১০:১০ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:১০ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

উৎসবমুখর পরিবেশে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ৭ম দিনের প্রচার-প্রচারণা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) একাডেমিক ভবন, আবাসিক হল, বট তলা, মুরাদ চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্নস্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

এরইমধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বতন্ত্র সমমিলনসহ প্রার্থীদের ৭টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচন করছেন অনেকে।

দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসুর ভোটগ্রহণ হবে। নির্বাচনকে অবাদ ও নির্বিঘ্ন করতে ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে নির্বাচনের সকল প্রার্থীকে ডোপ টেস্ট করতে হবে বলে জানিয়েছেন জাকসুর নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ডোপ টেস্ট করাতে পারবেন বলেও জানান তিনি।

এর আগে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবি জানিয়েছিলেন কয়েকজন প্রার্থী। প্রসঙ্গত, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ২৫টি পদের বিপরীতে এবার লড়াই করবেন ১৭৯ জন প্রার্থী। মোট ভোটার প্রায় ১২ হাজার।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com