Print

SomoyKontho.com

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, পাঠাতে হবে বিকল্প প্রস্তাব

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২৫ , ৪:০১ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৪:০১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, কারণ প্রতীক হিসেবে তালিকায় শাপলা নেই। সেজন্য দলটিকে বিকল্প প্রতীক প্রস্তাব পাঠাতে হবে।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ইসির ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার মধ্যে থেকে প্রতীক নিতে হয়। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।

তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলের সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপ ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। পূজা ও ছুটির দিন বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এসব আলোচনার সময়সূচি নির্ধারণ করা হবে।

এদিকে, শাপলা প্রতীক নিয়ে অনড় এনসিপি। দল নিবন্ধনের আবেদনে দুইবারই শাপলা প্রতীক বরাদ্দ চায় দলটি। এমনকি গতকাল রোববার সিইসির সঙ্গে বৈঠকের পর আবারও শাপলা নিয়ে অনড় অবস্থান জানায় এনসিপির নেতাকর্মীরা।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com