জামালপুরের ইসলামপুরে সাংবাদিক ওসমান হারুনীর (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার পলাবান্দা ভাটি পাড়ায় তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওসমান হারুনী মোহনা টিভির জামালপুর জেলা ও আমার দেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধির দায়িত্বে ছিলেন। তিনি পলাবান্দা ভাটি পাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে।
স্বজনরা জানান, দুপুর ১টার দিকে তিনি মূল ঘর থেকে পাশের একটি টিনশেড ঘরে যান। কিছুক্ষণ পর নিহতের ছোট ভাইয়ের স্ত্রী ওই ঘরে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে নিহতের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা গিয়ে মরদেহ নামিয়ে আনেন। এরপর বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে যান।
নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, বেশ কিছুদিন যাবৎ তিনি বাড়িতে অবস্থান করছিলেন। সাংবাদিকতার কাজে মনোযোগ ছিল না। শেষ সময়ে এসে খুব কম কথা বলতেন। তার একটি অপারেশন হয়েছিল। সামনে আরেকটি অপারেশন হওয়ার কথা ছিল বলেও জানান তিনি।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ স ম আতিকুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। এদিকে সহকর্মী ও স্থানীয় সাংবাদিক মহল এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com