Print

SomoyKontho.com

অনির্দিষ্টকালের জন্য অচল মার্কিন প্রশাসন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৪, ২০২৫ , ১০:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ৪, ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

প্রশাসনের তহবিল সংক্রান্ত বিল অনুমোদন করতে না পারায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে অনির্দিষ্টকালের জন্য অচলাবস্থার কবলে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা থেকে (বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা) ‘শাটডাউন’ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। শাটডাউন এড়ানোর জন্য মঙ্গলবার শেষ মুহূর্ত পর্যন্ত বৈঠক করেছিলেন সিনেটের ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সদস্যেরা। কিন্তু তহবিল নিয়ে একমত হতে পারেননি তারা।

১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের অর্থবর্ষ শুরু হয়। চলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সেই হিসাবে মঙ্গলবারই ছিল চলতি অর্থবর্ষের শেষ দিন। মার্কিন সরকারের জন্য বরাদ্দ তহবিলের মেয়াদ ওই দিনই শেষ হওয়ার কথা। কিন্তু নতুন বিলের জন্য একমত হতে পারেননি সিনেটের রিপাবলিকান এবং ডেমোক্র্যাট সদস্যেরা। বিলটি ৪৩-৫৩ ভোট পাওয়ায় সিনেটে অনুমোদিত হয়নি।

যুক্তরাষ্ট্রের সিনেটে মোট সদস্য সংখ্যা ১০০। সরকারি তহবিল সংক্রান্ত বিল পাস করাতে হলে তার পক্ষে অন্তত ৬০টি ভোট প্রয়োজন হয়। সিনেটে রিপাবলিকানদের সংখ্যা ৫৩। যে কোনো বিল পাস করাতে অন্তত সাত জন ডেমোক্র্যাটের সমর্থন তাদের প্রয়োজন হয়। সরকারি তহবিল সংক্রান্ত বিলে তা হয়নি। সেই কারণে সিনেটের অনুমোদনও মেলেনি।

সিএনএন জানিয়েছে, ব্যয় বাজেট গঠনকারী ১২টি বিলের কোনোটিই এখনও সংসদের দুই কক্ষে পাস হয়নি। ফলে ‘শাটডাউন’টি হতে চলেছে ‘সম্পূর্ণ শাটডাউন’।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com