প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৫, ২০২৫ , ৭:১৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৫, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
নাটোরের বড়াইগ্রামে একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা মজুদের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার আহমেদপুর বাজারে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি যাচাই বাছাই করেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আহমেদপুর বাজারের ব্যবসায়ী সিহাব উদ্দিনের মালিকানাধীন ‘বাবা-মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ এর গোডাউনটিতে প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা মজুদ করা ছিল। এ নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হলে তারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে যাচাই বাছাই করে জানা যায়, ঐ ব্যবসায়ী বৈধভাবেই গুলির খোসা কিনে মজুদ করে রেখেছেন।
এ বিষয়ে ব্যবসায়ী সিহাব উদ্দিন বলেন, রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে নিলামের মাধ্যমে এসব গুলির খোসা ক্রয় করেন তিনি। ৪০ টাকা কেজি দরে প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা কিনে মজুদ করেন বলেও উল্লেখ করেন তিনি।