মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাহ দাহ গ্রামের একটি তালাবদ্ধ গোডাউন থেকে বিপ্লব হোসেন (৫২) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিপ্লব বগুড়া সদর উপজেলার মৃত আনিসুর রহমানের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস ধরে বিপ্লব হোসেন ও তার সঙ্গে আরও দুইজন সহযোগি ওই গোডাউনে থেকে ফার্নিচারের কাজ করতো। গত কয়েকদিন ধরে বিপ্লবের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে সন্দেহ হলে তার পরিবারের সদস্যরা গাংনী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ গোডাউনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গোডাউনে ফার্নিচারের কাজ চলছিল। কিন্তু হঠাৎ গত কয়েকদিন ধরে কাজের শব্দ বা কাউকে দেখা যায়নি। পরে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এদিকে বিপ্লবের সঙ্গে থাকা দুই সহযোগীর কোন খোঁজ পাওয়া যায় নি।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com