Print

SomoyKontho.com

বেতন নিয়ে বিরোধের জেরে ৫ দিনের ধর্মঘটে ব্রিটেনের চিকিৎসকরা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৬, ২০২৫ , ১২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বেতন-ভাতা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে পূর্বঘোষণা অনুযায়ী চলতি সপ্তাহে পাঁচ দিনের ধর্মঘটে যাচ্ছেন ইংল্যান্ডের রেসিডেন্ট চিকিৎসকেরা।  ব্রিটিশ সরকারের দেয়া সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এই ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেন ডাক্তাররা।

আগামীকাল বুধবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সাতটা থেকে এই ধর্মঘট শুরু হবে। আগামী সোমবার সকাল সাতটা পর্যন্ত চলবে এই ধর্মঘট।

ব্রিটিশ মেডিক্যাল এসোসিয়েশন-এর অনলাইন জরিপে ৮৩ শতাংশ ডাক্তার সরকারী প্রস্তাব বাতিল করেছেন। এসোসিয়েশনের রেসিডেন্ট ডাক্টরস কমিটির চেয়ারম্যান জ্যাক ফ্লেচার বলেছেন, ‘দশ হাজারেরও বেশি ফ্রন্টলাইন ডাক্তার একসাথে ‘না’ বলেছেন। কাজের পরিবেশ নিয়ে সরকারের সর্বশেষ প্রস্তাবটি চিকিৎসকরা প্রত্যাখ্যান করেছেন। তবে, সমস্যার সমাধানে ইউনিয়ন এখনো আলোচনায় বসতে রাজি বলে জানান ফ্লেচার।

তবে, স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। বলেন, ‘ধর্মঘটের কোনো প্রয়োজন নেই। রোগীদের নিরাপত্তার প্রতি বিএমএর চরম অবহেলারই প্রমাণ এই ধর্মঘট।’ এই কর্মসূচিকে ‘স্বার্থপর, দায়িত্বজ্ঞানহীন’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।

এদিকে, সিজোনাল ফ্লুর প্রকোপ বেড়ে যাওয়ায় রোগীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে বিএমএকে ধর্মঘটের সময় পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছিলো সরকার।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com