আবু আব্দুল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ) :ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে দল মনোনীত প্রার্থী শায়খ নেছার আহমাদ আন নাছিরী বলেছেন, দীর্ঘদিন ধরে তিনি আন্তর্জাতিক পরিসরে কুরআন নিয়ে কাজ করে আসছেন। তার প্রচেষ্টায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশ ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে। সংসদে গেলে কুরআনের বিধান প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চান তিনি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নিজ প্রতিষ্ঠিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সার্বিক বিবেচনায় ১০ দলীয় আসন সমঝোতায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তাকেই চূড়ান্তভাবে মনোনীত করা হবে বলে তার বিশ্বাস। তবে শেষ পর্যন্ত যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শায়খ নেছার আহমাদ আন নাছিরী বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর দেশের মানুষ রাজনীতিতে একটি নতুন বন্দোবস্ত প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা থেকেই ইসলামী ও জুলাই বিপ্লবের অংশীদার সমমনা ১০ দলের মধ্যে আসন সমঝোতা হয়েছে। এটি দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, আমরা কুরআন ও সুন্নাহর আলোকে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই। নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরাইল ও আশুগঞ্জের ভৌগোলিক গুরুত্ব থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এলাকাটি উন্নয়ন থেকে বঞ্চিত। এমপি নির্বাচিত হলে আশুগঞ্জ ও সরাইলকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com