Print

SomoyKontho.com

মায়ের স্মৃতিতে আবেগঘন ব্যারিস্টার কায়সার কামাল: ভোট চাইলেন ধানের শীষে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২৬ , ৯:৩৪ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সমাবেশে মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর বক্তব্যে আবেগ ছড়িয়ে পড়ে পুরো মাঠজুড়ে; কান্নায় ভেঙে পড়েন উপস্থিত বহু নারী।

সমাবেশে বক্তব্যের একপর্যায়ে তিনি তাঁর মায়ের স্মৃতি তুলে ধরলে মুহূর্তেই পরিবেশ বদলে যায়। হাজারো মানুষের ভিড়ে নেমে আসে এক হৃদয়স্পর্শী নীরবতা। আবেগ সামলাতে না পেরে উপস্থিত অনেক নারী কান্নায় ভেঙে পড়েন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তাঁর মায়ের আদর্শ, ত্যাগ ও মানবিক মূল্যবোধই তাঁর রাজনৈতিক জীবনের প্রধান অনুপ্রেরণা। মায়ের স্মৃতির কথা বলতে গিয়ে তাঁর কণ্ঠ ভারী হয়ে ওঠে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা, সমর্থন ও দোয়াই তাঁর সবচেয়ে বড় শক্তি।

এ সময় উপস্থিত নারীরা আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা আপনার মায়ের দায়িত্ব পালন করবো, ইনশাআল্লাহ।” এই ঘোষণায় সমাবেশে উপস্থিত সবাই আরও আবেগাপ্লুত হয়ে পড়েন।

স্থানীয়দের ভাষ্য, এটি একটি নির্বাচনী সমাবেশ হলেও এদিনের আয়োজনটি রাজনৈতিক বক্তব্যের চেয়ে মানবিক অনুভূতি ও পারিবারিক স্মৃতির কারণে ভিন্ন মাত্রা পেয়েছে। মায়ের স্মৃতিকে ঘিরে সৃষ্টি হওয়া এই আবেগী পরিবেশ উপস্থিত সবার হৃদয় স্পর্শ করেছে।

শনিবার কলমাকান্দা উপজেলায় দিনব্যাপী বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় কৈলাটি, নাজিরপুর, লেংগুরা, খারনৈ ও রংছাতি ইউনিয়নে। শুধু নাজিরপুর ঈদগাহ মাঠেই নয়, প্রতিটি সভায় একই ধরনের আবেগঘন দৃশ্য দেখা গেছে। সব সমাবেশেই হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সমাবেশগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com